পাকিস্তান বাংলাদেশ সফর বাতিল হওয়ার শঙ্কায়

স্পোর্টস ডেস্কঃ আগামী সপ্তাহে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা। তবে চলমান আঞ্চলিক উত্তেজনায় অনিশ্চয়তার মুখে পড়েছে এই সফর। এক সূত্রে বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।

বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ। পরদিন পাকিস্তান দলের ঢাকা ছেড়ে যাওয়ার কথা।

বর্তমানে পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে এবং ইরান ও মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলায় অস্থিরতা বিরাজ করছে। জিও সুপার তাদের প্রতিবেদনে জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনার কারণে পাকিস্তানের বাংলাদেশ সফরটি এখন অনিশ্চিত। সিরিজ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ভ্রমণঝুঁকি বা নিরাপত্তাসংক্রান্ত শঙ্কা না বাড়লে তবেই সিরিজটি আয়োজন করা হবে।

এই সিরিজের দল নিয়ে শিগগিরই পিসিবিতে আলোচনা শুরু হওয়ার কথা। বাংলাদেশ সফরে পাকিস্তান দলে বড় কিছু পরিবর্তন আসতে পারে। জিও সুপারকে একটি সূত্র জানিয়েছে, নির্বাচক কমিটি দলে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। খারাপ ফর্মে থাকা বাবর আজম, সাইম আইয়ুব ও মোহাম্মদ নেওয়াজদের বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *