পটুয়াখালীতে অস্ত্র-সন্ত্রাসের অভিযোগে যুবলীগ নেতাসহ  গ্রেফতার-২

জাহিদ শিকদার,  পটুয়াখালী প্রতিনিধি। 
পটুয়াখালীর বাউফলে অস্ত্র নিয়ে নির্বাচনী প্রচারণায় হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবলীগ নেতা মামুন হাওলাদারসহ দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নগরের হাট ও কাশিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার মামুন হাওলাদার নওমালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। অপর গ্রেফতার হাসান আদাবাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে পরিচিত। ডিবির দাবি, স্থানীয়রা মামুন হাওলাদারকে ‘চিহ্নিত সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করেন, তিনি বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, পুলিশের সামনে দেশীয় অস্ত্র প্রদর্শন, নির্বাচনী প্রচারণায় হামলা ও প্রতিপক্ষ দমনে মারধর, ভাংচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামুন হাওলাদারের বিরুদ্ধে বাউফল ও দশমিনা থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মোট ৮টি মামলা চলমান। হাসানের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জসিম উদ্দিন  বলেন, “বাউফল থানা পুলিশের অফিসিয়াল আবেদনের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করেছে আমাদের একটি টিম। গ্রেফতারকৃত আসামিদের বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *