পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযান চালিয়ে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযান চালিয়ে ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় সুজন মহন্ত নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) বিকেলে দেবীগঞ্জ উপজেলার ৮ নম্বর দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় অভিযান চালিয়ে সুজন মহন্ত নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তার সুজন মহন্ত (৩৫) উপজেলার খগেরহাট (বিনয়পুর) এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ২৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি এবং প্রস্থ ১৩ ইঞ্চি বলে জানানো হয়েছে। মূর্তিটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৭ লাখ টাকা।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উদ্ধার হওয়া ওই মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ধারা ২৫বি(১)(এ) অনুযায়ী দেবীগঞ্জ থানায় মামলা (নং-৩, তারিখ: ০২/০৪/২০২৬) দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *