নারায়ণগঞ্জ আড়াইহাজারে এবার গাঁজা লুট, আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের মাদকবিরোধী অভিযানের ঠিক আগমুহূর্তে একটি বড় চালানের একাংশ লুট করে নিয়েছে স্থানীয় মাদক কারবারিরা। তবে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে আড়াইহাজার থানার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী ফেরিঘাটসংলগ্ন ঢেংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় প্রায় ৩০ কেজি গাঁজা মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে আড়াইহাজার থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত মাদক সরিয়ে নেওয়ার চেষ্টা চালায়। সময়ের অভাবে পুরো চালান সরাতে না পারলেও তারা ৮ কেজি গাঁজা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্ট ২২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় জহিরুল ইসলাম (৪০) ও কালু হোসেন (৩৭) নামের দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি বিশনন্দী গ্রামে।

স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারকৃতরা এবং পলাতক শুক্কুর আলী ও আল-আমিন একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক এনে আড়াইহাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

আড়াইহাজার থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, প্রায় ৩০ কেজি গাঁজা মজুদের তথ্য ছিল পুলিশের কাছে। তবে অভিযানের আগেই ৮ কেজি গাঁজা সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *