নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পরও দেশে রাজনৈতিক বিভাজন ও মতভেদ বিদ্যমান রয়েছে, যা জাতীয় ঐক্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি স্বাধীন দেশের সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত জাতীয় ঐক্য। কিন্তু বাস্তবে তার ঘাটতি রয়েছে। জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষা রাষ্ট্রের মূল ভিত্তি হলেও তা উপেক্ষিত হলে অসন্তোষ ও আন্দোলনের সৃষ্টি হয়।
তিনি বলেন, সংঘাত নয় বরং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে এবং সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।
স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে এখনো অনেক পথ বাকি।
দেশে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য প্রসঙ্গে তিনি বলেন, একদিকে কিছু মানুষ বিপুল সম্পদের মালিক, অন্যদিকে অনেকেই ন্যূনতম প্রয়োজন থেকেও বঞ্চিত। এ ধরনের বৈষম্য স্বাধীনতার চেতনার পরিপন্থি।
বিচারব্যবস্থা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, অনেক ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না এবং ভিন্ন ভিন্ন শ্রেণির জন্য ভিন্ন বাস্তবতা তৈরি হয়েছে, যা একটি স্বাধীন দেশের জন্য কাম্য নয়।
বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আধিপত্যবাদের ধরন বদলেছে। সরাসরি দখলের পরিবর্তে এখন অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির মাধ্যমে প্রভাব বিস্তার করা হচ্ছে। এতে বাহ্যিক স্বাধীনতা থাকলেও প্রকৃত স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হতে পারে।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম কোনো একক ব্যক্তি বা দলের অর্জন নয়; বরং এটি ছিল সর্বস্তরের মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফল।
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে সংঘাত ও সহিংসতার পথ পরিহার করে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।
খুলনা মহানগরী জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
