দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে

অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সময়ে চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স, যা রিজার্ভ শক্তিশালী রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২২ জুলাই পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতিতে হিসাব করলে ব্যবহারযোগ্য বা নেট রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৭০ দশমিক ০৮ মিলিয়ন ডলার, অর্থাৎ ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

এদিকে চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৮০ কোটি ২৬ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ কোটি ৭৮ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৬ কোটি ৬৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *