ঢাকা থেকে ট্রাকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে উত্তরাঞ্চলের ৪ যাত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা থেকে ট্রাকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন উত্তরাঞ্চলের চার যাত্রী। শনিবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা-এ মহাসড়কের পাশে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানা-এর ওসি ইসমাইল হোসেন জানান, উপজেলার ভূইয়াগাতি সেতুর পাশ থেকে চারজনকে উদ্ধার করা হয় এবং রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী যাত্রীরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আইজুদ্দিনের ছেলে শাহজামাল (৩৬); কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর গ্রামের আজাদ ব্যাপারীর ছেলে আতাউর রহমান (৪০); জয়পুরহাট সদর উপজেলার আব্দুল হাকিমের ছেলে কাইয়ুম (২৮); একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ওসি ইসমাইল হোসেন আরও জানান, কিছুটা চেতনা ফিরে একজন যাত্রী জানিয়েছেন, ট্রাকে থাকা একজন টাঙ্গাইল এলাকায় খেজুর খেতে দিলে তারা অচেতন হয়ে পড়েন। এরপর অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছের সব সম্পদ নিয়ে ভোরে মহাসড়কের পাশে ফেলে চলে যায়।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সামিউল ইসলাম রনি জানান, এ ধরনের রোগীদের সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে জ্ঞান ফিরে আসে। স্বজনদের খবর পাঠানো হয়েছে এবং আশা করা হচ্ছে রোববার তারা বাড়ি যেতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *