ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (৬ মে) ভোর থেকেই মহাসড়কটিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ লাঙ্গলবন্দ ব্রিজের সমস্যার কারণে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, প্রায় ১৩ কিলোমিটার এলাকায় ঢাকামুখী সড়কে যানজট ছড়িয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা।

ট্রাকচালক মমিন মিয়া বলেন, ভোর থেকে যানজটে আটকে আছি। পণ্য সময়মতো পৌঁছাতে পারছি না, এতে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও বাড়ছে। মহাসড়কের এমন অবস্থার দ্রুত সমাধান দরকার।

গজারিয়ার টেঙ্গারচর গ্রামের বাসিন্দা রনি মিয়া বলেন, হঠাৎ এমন যানজটে পড়ে সময়মতো অফিসে পৌঁছানো সম্ভব হচ্ছে না, যা চরম দুর্ভোগ তৈরি করছে।

বাসচালক সবুজ মোল্লা বলেন, যাত্রী নিয়ে দীর্ঘ সময় যানজটে বসে থাকতে হচ্ছে। এতে যাত্রীরা বিরক্ত হচ্ছেন, সময়সূচিও ঠিক রাখা যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ওসি শওকত আলী বলেন, লাঙ্গলবন্দ সেতুর সমস্যার কারণে যানজটের সূত্রপাত হয়ে তা গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভবেরচর হাইওয়ে পুলিশ মহাসড়কে কাজ করছে এবং উল্টো পথে যান চলাচল বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *