টরন্টোতে অনুষ্ঠিত হলো বর্ণিল বাংলাদেশ ফেস্টিভ্যাল

প্রবাস ডেস্কঃ লং উইকেন্ডের স্নিগ্ধ আবহে কানাডার টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হলো নবম বাংলাদেশ ফেস্টিভ্যালের বর্ণিল ও সফল আয়োজন।

প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো দিনটি রূপ নেয় এক টুকরো বাংলাদেশের মিলনমেলায়। সাংস্কৃতিক পরিবেশনা, সৌহার্দ্যপূর্ণ আড্ডা ও উৎসবমুখর পরিবেশে আয়োজনটি ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা মারিট স্টাইলস, এমপি ডলি বেগম, টরন্টোর মেয়র অলিভিয়া চাওসহ স্থানীয় কাউন্সিলর, এমপিপি, এমপি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁদের উপস্থিতি উৎসবের মর্যাদা আরও বৃদ্ধি করে।

কমিউনিটিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ আয়োজনে সম্মাননা প্রদান করা হয়। এ পর্যায়ে প্রয়াত ‘কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার ২০২৬’ পান বিশিষ্ট কবি ও অনুবাদক শাহানা আক্তার মহুয়া।

এবারের ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পাশাপাশি জনপ্রিয় শিল্পী মুজা ও আজরিন কামালের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং উপস্থিতদের মাঝে দারুণ উচ্ছ্বাস সৃষ্টি করে।

অডিটোরিয়ামের বাইরে ছিল উৎসবের বাড়তি আমেজ। বাহারি পোশাক, হস্তশিল্পের স্টল এবং নানা ধরনের খাবারের পসরা পিয়াজু, পুরি, সমুচা, চটপটি, মোগলাই পরোটা, মুড়ি-মাখা, বিরিয়ানি ও চায়ের সুবাসে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানের একটি বিশেষ দিক ছিল অটিজম শিশুদের জন্য উৎসর্গকৃত মানবিক উদ্যোগ। আয়োজকদের এ ধরনের সচেতনতা ও সামাজিক দায়িত্বশীলতার প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বাংলাদেশ ফেস্টিভ্যাল উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটির সংস্কৃতি, ঐতিহ্য ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি এই উৎসবকে বাংলাদেশ ও কানাডার পারস্পরিক বন্ধুত্ব ও সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।

আয়োজক শাহিদুল ইসলাম মিন্টু জানান, এক দশক পূর্তি উপলক্ষে আগামী বছর দশম বাংলাদেশ ফেস্টিভ্যাল আরও বর্ণিল ও জমজমাটভাবে আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *