নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশে জাদুশিল্প প্রসারের স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক প্রাপ্ত ও বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ-এর জন্মদিন উপলক্ষ্যে গতকাল ১০ই এপ্রিল এটিএন বাংলা অডিটোরিয়ামে (বিএফডিসি) অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য উৎসব। এসএসজি (SSG) নিবেদিত এই অনুষ্ঠানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শিল্পীকে শুভেচ্ছা জানানো হয় এবং বাংলাদেশে প্রথমবারের মতো ১০ই এপ্রিলকে ‘বাংলাদেশ জাদু দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও উৎসব মুখর করতে আয়োজনে ছিল শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনায় নাচ, গান, জাদুশিল্পীদের রোমাঞ্চকর জাদু, কৌতুক ও সঙ্গীত।
বর্ণাঢ্য এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব ড. রফিকুল ই মোহামেদ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও বাংলা টেলিভিশন নেটওয়ার্ক -এর চেয়ারম্যান জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব জনাব রফিকুল ইসলাম, জাসাস এর আহবায়ক জনাব হেলাল খান, সাবেক সিনেট সদস্য ও জাসাস এর যুগ্ম- আহবায়ক জনাব মো: লিয়াকত আলী, জাতীয় প্রেসক্লাব এর সভাপতি জনাব হাসান হাফিজ, এটিএন বাংলার উপদেষ্টা জনাব তাশিক আহমেদ, এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিইও জনাব সাজেদুর রহমান মুনিম, এটিএন এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব রোকসানা আখতার রিনি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জুয়েল আইচ-এর দীর্ঘায়ু কামনা করে বলেন, “জাদু একটি সমৃদ্ধ শিল্প। বাংলাদেশে এই শিল্পের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং ১০ই এপ্রিলকে বাংলাদেশ জাদু দিবস হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি।”
জাদু শিল্পী ঐক্য সংস্থার সভাপতি শাহীন শাহ্ বলেন, ‘জাদুশিল্পে জুয়েল আইচের অবদানকে স্মরণীয় করে রাখতে ও তাঁকে সম্মান জানিয়েই আমরা এই দিনটিকে প্রতিবছর ‘বাংলাদেশ জাদু দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের জাদুশিল্পের প্রসারে একটি মাইলফলক হয়ে থাকবে।
জাদুশিল্পী ঐক্য সংস্থার আয়োজনে, এটিএন মিডিয়া কমিউনিকেশন ও এটিএন এডুকেশন এর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। জাদুর এই মায়াবী সন্ধ্যায় উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীগণ।
