জনরোষ বাড়ছে তেল আবিবে, জনসম্মুখে দেখা যাচ্ছে না নেতানিয়াহুকে

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বেশ কয়েকদিন ধরে জনসম্মুখে দেখা না যাওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে বিতর্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। তার এই টানা অনুপস্থিতিকে কেন্দ্র করে দেশটির রাজধানী তেলআবিবে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।

জানা গেছে, মার্চের মাঝামাঝি সময়ে হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারিভবনের দিকে মিছিল করে প্রধানমন্ত্রীর অবস্থান সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা ও জবাবদিহিতা দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, এক সপ্তাহেরও বেশি সময় ধরে নেতানিয়াহু জনসমক্ষে আসছেন না, যা চলমান মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে জনমনে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে।

পর্যবেক্ষকরা বলছেন, সাধারণত নিয়মিত ভিডিও বার্তা ও নিরাপত্তা ব্রিফিংয়ে অংশ নেওয়া নেতানিয়াহুর এমন অনুপস্থিতি ‘অস্বাভাবিক’। বিশেষ করে যখন দেশটি বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে, তখন প্রধানমন্ত্রীর প্রকাশ্যে না আসা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকরা প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ও বর্তমান অবস্থান সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশের দাবি জানান। তাদের আশঙ্কা, সরকার বাস্তব পরিস্থিতি গোপন করছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও সেগুলোকে ‘ভুয়া খবর’ হিসেবে উড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সরকারি বক্তব্য অনুযায়ী, তিনি সুস্থ ও নিরাপদ আছেন।

সব মিলিয়ে, যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন করে চাপ ও অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, দ্রুত এই অনিশ্চয়তা দূর করা না গেলে জনআস্থা আরও কমে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *