চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং কার্যক্রমের ধারাবাহিক সাফল্য অব্যাহত

 

সাইদুল ইসলাম (মাসুম), চট্টগ্রাম :
চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং দেশের অর্থনীতির মূল হৃৎপিন্ড হিসেবে কাজ করে। জাতীয় রাজস্বের সিংহভাগ যোগান হয় এই বন্দর হতেই। চট্টগ্রাম বন্দরে আধুনিকায়ন এবং দক্ষতার সাথে কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে জাহাজের গড় অবস্থানকাল হ্রাস এবং জেটি ও ইয়ার্ড সুবিধাদি সম্প্রসারণসহ নিরাপদ ও দক্ষ বন্দর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং জাতীয় আমদানী-রপ্তানীতে সক্রিয় ভূমিকা পালন করাই হল বন্দরের অভিলক্ষ্য। এই অভিলক্ষ্য পূরণের জন্য চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীগণ নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

যার ফলশ্রুতিতে ২০২৪-২৫ অর্থবছরে দেশের প্রধানতম সমুদ্র বন্দর রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং এর মাধ্যমে ৪৮ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। শত বাঁধা সত্বেও নৌ-পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টার সার্বক্ষণিক দিক নির্দেশনা ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান-এর সুদক্ষ নেতৃত্বে চট্রগ্রাম বন্দর দুর্বার গতিতে এগিয়ে চলেছে।

বন্দরের ধারাবাহিক কর্মতৎপরতা ও কার্যক্ষমতা বৃদ্ধির ফলে প্রতিটি সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি প্রতিনিয়ত অর্জিত হচ্ছে। বিশেষ করে কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংসহ জেটি ও ইয়ার্ড সুবিধাদি সম্প্রসারনে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। ইতোমধ্যে বন্দরের সবচেয়ে উল্লেখযোগ্য টার্মিনাল এনসিটিতে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান CDDL বিগত তিন মাসে অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরে জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত সর্বমোট ৩,৪২,৬৪৯ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪১,৭৫৪ টিইইউস বেশী। এই সময়ে কন্টেইনার হ্যান্ডলিং এ ১৩.৮৮% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ১ম তিন মাসে এনসিটিতে মোট জাহাজ হ্যান্ডলিং হয়েছে ১৭৮ টি। বিগত অর্থ বছরের একই সময়ের তুলনায় ২৬টি জাহাজ বেশী হ্যান্ডলিং হয়েছে। জাহাজ হ্যান্ডলিং এর বিপরীতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৭.১১%। এনসিটিতে ২০২৫-২৬ অর্থবছরের ১ম তিন মাসের কন্টেইনার ও জাহাজ হ্যান্ডলিং এর পরিমাণ এবং প্রবৃদ্ধি এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

একইভাবে, চলতি অর্থ বছরে বিগত তিনমাসে জুলাই-সেপ্টেম্বর সময়কালে চট্টগ্রাম বন্দরে সামগ্রিকভাবে কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিং বিগত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের ১ম তিন মাসে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরে চট্রগ্রাম বন্দরে সর্বমোট ৯,২৭,৭১৩ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা বিগত অর্থবছরের একই সময়ের চেয়ে ১,০১,১৮৫ টিইইউস বেশী, প্রবৃদ্ধির হার ১২.২৪%। একইভাবে বিগত তিনমাসে চট্টগ্রাম বন্দরে কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়েও হয়েছে অভাবনীয় সাফল্য। উক্ত সময়কালে মোট কার্গো হ্যান্ডলিং হয়েছে ৩,২৯,১৯,৯৬৬ মেট্রিক টন এবং জাহাজ হ্যান্ডলিং হয়েছে ১০৩১ টি। বিগত অর্থ বছরের তুলনায় চলতি অর্থবছরে কার্গো ও জাহাজ হ্যান্ডলিং এর ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১৩.৮৮% এবং ৯.২২ %।

পঞ্জিকাবর্ষ হিসেবেও চট্রগ্রাম বন্দরের সকল অর্জন ইতিবাচক সূচকে রয়েছে। ২০২৫-২৬ পঞ্জিকাবর্ষে জানুয়ারী-সেপ্টেম্বর মোট ৯ মাসে চট্রগ্রাম বন্দরে সর্বমোট ২৫,৬৩,৪৫০ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা বিগত অর্থ বছরের একই সময়ের চেয়ে ১,২১,৬২৫ টিইইউস বেশী বা প্রবৃদ্ধির হার ৪.৯৮%। একইভাবে বিগত নয়মাসে চট্টগ্রাম বন্দরে কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়েও হয়েছে অভাবনীয় সাফল্য। উক্ত সময়কালে মোট কার্গো হ্যান্ডলিং হয়েছে ১০,২৭,০৪,২৫৯ মেট্রিক টন এবং জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৩১৬১ টি। বিগত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে কার্গো ও জাহাজ হ্যান্ডলিং এর ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১১.৭০% এবং ১০.৩৭ %।

সর্বোপরি, বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ, ভূ-রাজনৈতিক উত্তেজনা ইত্যাদি বিশ্ব অর্থনীতির প্রত্যাশিত গতিকে মন্থর করেছে। পাশাপাশি পরিবহন ধর্মঘট, কাস্টমস-এর কলম বিরতি এবং শাট ডাউনের মত ঘটনায় বন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। কিন্তু, বন্দরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানদ্বয়ের একান্ত সহযোগীতায় বন্দরের অপারেশনাল কার্যক্রমে তেমন প্রভাব ফেলেনি। বরং কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিং বেড়েছে এবং রপ্তানী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন নতুন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেয়ার পাশাপাশি অবকাঠামো ও ডিজিটালাইজেশন কার্যক্রম চলমান রয়েছে।

চট্রগ্রাম বন্দরের সকল স্টেকহোল্ডারগণের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে এমন সাফল্যের জন্য দেশের প্রধান এই সমুদ্র বন্দর বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। আশা করা যায়, উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে চট্রগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে দেশের ব্যবসা বানিজ্যের প্রসারে আরো ব্যাপক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *