চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ (৭৮) আর নেই। তিনি গত ১১ অক্টোবর শনিবার রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন…
গতকাল (রোববার) সকাল ১১ টায় রাউজানের সিকদার ঘাটা ঈদগাহে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে এবং ১ ছেলে রেখে গিয়েছেন।
উল্লেখ্য, তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রেসক্লাব এর সদস্য ছিলেন। এছাড়া তিনি রাউজান প্রেস ক্লাবেরও সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্ৰামে আলেপ খান সওদাগর বাড়িতে জন্মগ্ৰহণ করেন।
তিনি পাকিস্তানের করাচী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। দীর্ঘ ৫৫ বছরের চাকুরী জীবনে একটানা ১৭ বছর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ছিলেন তিনি।
পরবর্তী কর্মজীবনে তিনি দ্যা ডেইলি করোনিকেল, দ্যা ইউনিটি, ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ডেইলি নিউজ টুডে, দ্যা ডেইলি লাইফ, দ্যা নিউ নেশান পত্রিকায় চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ডেইলি পিপলস্ ভিউ, দি ইকোনোমিক্স টাইমস, দি ডেইলি কমার্শিয়াল টাইমস-এর নিউজ এডিটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
