ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডাকাতির সময় বাধা দেওয়ায় নাকি পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।

নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত ঘরের ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তারা সরাসরি ছকিনা বেগমের কক্ষে ঢোকে। এ সময় তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের চিৎকারে স্থানীয়রা ছকিনা বেগমকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্লাহ প্রায় তিন বছর আগে মারা যান। তার দুই সন্তান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুটের ঘটনা ঘটেনি বলে জানান স্বজনেরা। তবে ডাকাতির সময় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্থানীয়দের একটি অংশ দাবি করছে।

এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, ‘প্রাথমিকভাবে পূর্বশত্রুতা বা পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যার বিষয়টি সামনে আসছে। তবে ডাকাতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুই দিকই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’ তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *