গান থামাতে বাধ্য হলেন হানি সিং, দিল্লির কনসার্টে বিশৃঙ্খলা

বিনোদন ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে জনপ্রিয় র‍্যাপার ও গায়ক হানি সিংয়ের কনসার্টে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। দর্শক ও আয়োজকদের মধ্যে হাতাহাতির জেরে অনুষ্ঠান চলাকালে কিছু সময়ের জন্য গান বন্ধ রাখতে বাধ্য হন তিনি। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, শনিবার রাতে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে দিল্লিতে হানি সিংয়ের এই কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হওয়ার পর ভিআইপি জোনে প্রবেশ ও আসন নিয়ে একদল দর্শকের সঙ্গে আয়োজক কমিটির সদস্যদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয় এবং বিশৃঙ্খলা মঞ্চের কাছাকাছি পর্যন্ত ছড়িয়ে পড়ে।

এই পরিস্থিতিতে দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে হানি সিং সাময়িকভাবে পারফরম্যান্স বন্ধ করে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি আবার মঞ্চে গান শুরু করেন।

বর্তমানে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। ভারতের বিভিন্ন শহরে তার একাধিক কনসার্ট হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী আগামী ২১ মার্চ আহমেদাবাদে তার পরবর্তী শো অনুষ্ঠিত হবে। এরপর ২৮ মার্চ মুম্বাই এবং ৪ এপ্রিল পুনেতে পারফর্ম করার কথা রয়েছে।

এই ট্যুরের ধারাবাহিকতায় আগামী ১১ এপ্রিল কোটা, ২৫ এপ্রিল ইন্দোর, ২ মে লখনউ এবং ৯ মে কলকাতায় পারফর্ম করবেন তিনি। সবশেষে ১৬ মে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ট্যুর শেষ হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *