রাসেল আশেকি, জয়পুরহাট
৫ আগস্ট জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র্যাব। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট।
র্যাব জানিয়েছে, মঙ্গলবার রাত পোনে একটায় গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার সদর থানার হাতিল ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করাকালে কতিপয় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী র্যাবের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় লাল রংয়ের টিস্যু কাপড়ের ব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় ১টি সাদা রংয়ের সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। যার গায়ে NF24 Sound Grenade লেখা সহ ইংরেজিতে ছোট বড় বিভিন্ন লেখা আছে। যার দৈর্ঘ্য ৩.৩ ইঞ্চি। উদ্ধারকৃত সাউন্ড গ্রেনেডটি জয়পুরহাট সদর থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা জয়পুরহাট জেলার সদর থানায় লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুটের ঘটনা ঘটে। থানা থেকে লুট হওয়া এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদির মধ্যে ইতোপূর্বে র্যাব-৫ সিপিসি-৩ এর অভিযানিক দল রাইফেল ও পিস্তলের ২১ রাউন্ড তাজা গুলি এবং ২টি ওয়াকিটকি উদ্ধার করেছে। লুট হওয়া এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধারে র্যাব-০৫, সিপিসি-৩ এর তৎপরতা অব্যাহত রয়েছে।
এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধারে এলাকার সর্বস্তরের জনসাধারণকে আইন-শৃঙ্খলা বাহিনীসহ র্যাব ক্যাম্প জয়পুরহাটকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়।
