ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের অভিযোগে ১ হাজার ৮৬০ কেজি জব্দকৃত চাল অবশেষে তিনটি এতিম খানায় বিতরণ করা হয়েছে। এ সব জব্দকৃত চাল বিতরণ করেন উপজেলা খাদ্য পরিদর্শক হুমায়ূন আহমেদ।
জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর বড়তারা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির বিতরণের চাল অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের অভিযোগে ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জড়িতদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় সহ ১ হাজার ৮৬০ কেজি চাল জব্দ করেন। ওই সব জব্দকৃত চাল ক্ষেতলাল থানার জিম্মায় রাখা হয়।
বুধবার বেলা ১২ টায় থানা চত্বরে জব্দকৃত চালগুলো উপজেলার মামুদপুর দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় ৬৬০ কেজি, পুটিমারি দারুস সুন্নাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসায় ৬০০ কেজি এবং ক্ষেতলাল ধনকুড়াইল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৬০০ কেজি
চাল বিতরণ করা হয়েছে।
এ সময় ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, উপজেলা খাদ্য পরিদর্শক হুমায়ূন আহমেদ,
মামুদপুর মাদ্রাসার পরিচালক হাফেজ মাও. আইয়ুব আলী, হাফেজ আজিজ ও তোফাজ্জল হোসেন সহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
