কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না ফ্রান্স হরমুজ প্রণালীতে: প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে ফ্রান্সের সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ১০টি যুদ্ধজাহাজ পাঠানোর খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে প্যারিস।

স্যোশাল মিডিয়ার অন্যতম মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, তাদের বিমানবাহী রণতরী গ্রুপটি বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত: এটি কেবল প্রতিরক্ষামূলক এবং সুরক্ষামূলক। যুদ্ধে অংশগ্রহণের কোনো পরিকল্পনা আমাদের নেই।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মার্কিন মিত্রদের হরমুজ প্রণালি সচল রাখতে সহায়তার আহ্বান জানিয়েছেন। তবে তাতে সাড়া দেয়নি প্যারিস।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভৌথাঁ ‘ফ্রান্স ২৪’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এই মুহূর্তে হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠানোর প্রশ্নই আসে না। ফ্রান্স এই যুদ্ধে অংশগ্রহণ করছে না।’

ইরান যুদ্ধের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ভৌথাঁ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঠিক কী লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছে তা এখনো স্পষ্ট নয়। তার কথায়, ‘আমরা জানি না শেষ পর্যন্ত এর ফল কী হবে।’

তিনি আরও বলেন, ওয়াশিংটন ও তেল আবিবের লক্ষ্য একই কি না সেটিও পরিষ্কার নয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর বক্তব্যে সুর মিলিয়ে ভৌথাঁ বলেন, ফ্রান্স এখনো কূটনৈতিক সমাধানে অগ্রাধিকার দেয়। তিনি বলেন, ‘আমাদের ভাবনা ছিল এটি একটি কূটনৈতিক উদ্যোগ। ফ্রান্স এই যুদ্ধে অংশ নিচ্ছে না।’

সূত্র: আল-জাজিরা, ফ্রান্স ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *