কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে।
সোমবার সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। এ ঘটনায় কোন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ। তবে প্রাথমিক ভাবে কোন দপ্তরে কিছু হারানোর খবর পাওয়া যায়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাতের কোন এক সময় তিনটি দপ্তরে পর্যায়ক্রমে দপ্তরের প্রবেশ দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে একযোগে এ চুরি চেষ্টার ঘটনা ঘটে। এ সময় আলমারিতে থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। এতে কোন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। কি কারণে এ ঘটনা তার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পর দপ্তর গুলোতে পরিদর্শন করেছি। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে’
