এখন ৩০ হাজার সার্ভার ফেসবুকের

বিটিএন ডেক্সঃ প্রায় ৩০ হাজার সার্ভার দিয়ে চলছে ফেসবুকের কার্যক্রম। ব্যবহারকারীদের আপলোড করা ৮০ বিলিয়ন ছবি সংরক্ষণ করছে ফেসবুক। প্রতি সেকেন্ডে দেখাচ্ছে ৬ লাখের বেশি ছবি।

২০০৮ সালের এপ্রিল পর্যন্ত ফেসবুকের সার্ভার সংখ্যা নিয়ে প্রচলিত উত্তর ছিল “১০ হাজারের বেশি”। এরপর ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটির ঘর ছাড়িয়ে গেলেও কোম্পানিটি দীর্ঘদিন একই তথ্য ব্যবহার করে আসছিল। অবশেষে এ বিষয়ে হালনাগাদ তথ্য জানা গেল।

ফেসবুকের প্রযুক্তি বিভাগের সহসভাপতি জেফ রথসচাইল্ড গত সপ্তাহে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে এক অনুষ্ঠানে জানান, “এখন আমাদের সার্ভারের সংখ্যা আনুমানিক ৩০ হাজারের কাছাকাছি। প্রতিদিনই নতুন সক্ষমতা যুক্ত হচ্ছে। তাই সংখ্যাটি গতকাল যা ছিল, আজ তা-ও নয়।”

এই তথ্য থেকে বোঝা যায়, ২০০৮ সালের শুরু থেকে প্রায় ২০ হাজার নতুন সার্ভার যুক্ত করেছে ফেসবুক। সে সময় সার্ভার কেনার অর্থ জোগাতে ১০ কোটি ডলার ঋণও নিয়েছিল কোম্পানিটি।

ছবি সংরক্ষণ ও প্রচার— দুই ক্ষেত্রেই বিশাল পরিসরে কাজ করছে ফেসবুক। বর্তমানে তাদের সার্ভারে প্রতিটি ছবির চারটি ভিন্ন মাপসহ রয়েছে প্রায় ৮০ বিলিয়ন ছবি।

ফেসবুকের দৈনিক কার্যক্রম থেকে যে পরিমাণ নথিভুক্ত তথ্য তৈরি হয় তা-ও বিস্ময়কর। প্রতিদিন ২৫ টেরাবাইটের বেশি নথি-তথ্য জমা হয়। জেফ রথসচাইল্ড-এর ভাষায়, এই পরিমাণ যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের দৈনিক ডাক পরিবহনের তুলনায় প্রায় এক হাজার গুণ বেশি।

রথসচাইল্ড জানান, ঐতিহাসিকভাবে ফেসবুকে প্রতি ১০ লাখ সক্রিয় ব্যবহারকারীর বিপরীতে একজন প্রকৌশলী কাজ করেছেন। তার মতে, ফেসবুকের প্রকৌশলীরাই কোম্পানির ওপর সবচেয়ে বড় প্রভাব রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *