মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের পিতা, কামরুল ইসলাম। এই ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও আতঙ্কিত রয়েছেন।
নিখোঁজ কামরুল ইসলাম ফিলিং স্টেশন ব্যবসায়ী এবং মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সরকারি কলেজপাড়ার হায়দার আলীর ছেলে।
এ বিষয়ে তামিম ইসলাম মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নম্বর: ৪৯২, তারিখ: ১০/১২/২০২৫)।
তামিম জানান, ৮ ডিসেম্বর তার বাবা হিরো হোন্ডা ব্র্যান্ডের হাংক মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন এবং আর ফিরে আসেননি। সেই সময় তিনি কালো রঙের প্যান্ট, লাল গেঞ্জি এবং নীল রঙের বেজার পরিহিত ছিলেন।
তামিম আরও জানিয়েছেন, ঘটনার দিন থেকে আত্মীয়স্বজন এবং সম্ভাব্য সকল জায়গায় খোঁজ-খবর নেওয়া হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীও কোনো সদুত্তর দিতে পারেননি। পরিবার খুব দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে রয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, আমরা তার সন্ধানে বিভিন্নভাবে খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। তবে অপহরণ হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো লক্ষণ এখনও পাওয়া যায়নি। তবে আমরা চেষ্টা করছি যাতে দ্রুত সন্ধান পেতে পারি।
