ঈদের আগে শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেনেও বেড়েছে গতি

আসন্ন ঈদুল আজহার ছুটির আগে শনিবার (২৩ মে) সরকারি আদেশ অনুযায়ী দেশের শেয়ারবাজারে লেনদেন হয়েছে। বিশেষ দিনের লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকে বড় উত্থান হয়েছে। পাশাপাশি বেড়েছে ঢাকার এই শেয়ারবাজারে লেনদেনের পরিমাণও।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, শনিবার সকাল ১০টায় লেনদেনের শুরুতেই অধিকাংশ শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখায়। লেনদেনের শেষ পর্যন্ত দরবৃদ্ধি অব্যাহত থাকে। এতে দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২১৭টির, বিপরীতে কমেছে ১১৭টির, আর ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া, ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৯০২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৬৭ কোটি ৪৮ লাখ টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে ৩৪ কোটি ৬৮ লাখ টাকা।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৬১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৬১ পয়েন্টে অবস্থান করছে। এক্সচেঞ্জটিতে মোট ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দাম। আজ এই বাজারে মোট ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩০ কোটি ৩৯ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *