আশরাফ চেয়ারম্যানের কর্মকাণ্ড নিয়ে প্রশাসন ও গণমাধ্যমের নীরবতা প্রশ্নবিদ্ধ : ড. কেরামত আলী

আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নায়লাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফের কর্মকাণ্ড নিয়ে প্রশাসন ও গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মাওলানা কেরামত আলী।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. কেরামত আলী বলেন, “একজন ব্যক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিক ও প্রশাসন—উভয় পক্ষই অবগত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ বিষয়ে প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। একইভাবে গণমাধ্যমের পক্ষ থেকেও দৃশ্যমান কোনো ভূমিকা নেই।”
তিনি আরও বলেন, “আমাদের করার তেমন কিছু নেই। পরিস্থিতি যখন চরমে পৌঁছাবে, তখন তার উপযুক্ত জবাব দেওয়া হবে।”
মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তি দীর্ঘদিন ধরে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মর্দানা, ধাইনগর, নায়লাভাঙ্গা, বড় চকদৌলতপুরসহ বিভিন্ন এলাকায় জামায়াতের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে। এমনকি বিএনপির কর্মীদের ভোটের দিন এলাকা ছাড়তে বলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ড. কেরামত আলী জানান, এসব বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারকে মৌখিকভাবে অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি নির্বাচনী সময়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ও দৃশ্যমান ভূমিকার ওপর জোর দেন। পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *