মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা বেলগাছী পূর্বপাড়া ক্যানেলের পাশে স্থানীয়রা এক অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করেছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বেলগাছী ৯ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া মাঠের মধ্যে তাকে পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান , বৃদ্ধটি হাঁটতে হাঁটতে ক্যানেলপাড়ে এসে বসে পড়েন। তার চেহারায় ক্লান্তি ও বিভ্রান্তি লক্ষ্য করা গেছে। পরিচয় জানতে চাইলে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। কখনো নিজেকে হায়দার আলী , কখনো রংপুর বা গড়চাপড়া গ্রামের বাসিন্দা দাবি করেছেন।
স্থানীয়রা ধারণা করছেন , তিনি নিখোঁজ হয়েছেন এবং মানসিকভাবে অসুস্থ বা দিকভ্রান্ত অবস্থায় এখানে এসেছেন। তার সঠিক পরিচয় এখনও অজানা।
বর্তমানে স্থানীয়রা তাকে বেলগাছী পূর্বপাড়া মাঠের মধ্যে আইয়ুব আলীর চায়ের দোকানে আশ্রয় দিয়েছেন এবং খাবার ও বিশ্রামের ব্যবস্থা করেছেন।
স্থানীয় গণ্যমান্যরা প্রশাসন ও সচেতন মহলের কাছে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন , যাতে বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায় এবং তার পরিবারকে খুঁজে পাওয়া সম্ভব হয়।
