আদমদীঘিতে ইউপি চেয়ারম্যানের দুই পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে এক রাতে দুইটি মাছ চাষ পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কায়েতপাড়া গ্রামের বাসিন্দা ও সান্তাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীনের পুকুরে এ ঘটনা ঘটে। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবিষয়ে থানায় অবহিত করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, আমার নিজ গ্রামে দীর্ঘদিন ধরে ৪টি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। এসব পুকুরে পাঙ্গাস, রুই, কাতল, টেংরাসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ রয়েছে। মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠে। গত রোববার দিবাগত রাতে কে-বা কাহারা শত্রুতা করে আমার ৪টি পুকুরের মধ্যে ২টি পুকুরে বিষ দিয়েছে। সকাল বেলা পুকুরে মাছ ভাসতে দেখে প্রতিবেশীরা খবর দিলে এসে দেখি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবো। তাই আমাকে আর্থীক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *