আগামী সংসদে এনসিপি সরকারি দলের দায়িত্ব পালন করবে, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করবে: সারজিস আলম

স্টাফ রিপোর্টার:
আগামী সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি। জাতীয় পার্টির মতো ‌‌‘পোষা রাজনীতি’ করতে আসিনি আমরা। আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দলের দায়িত্ব পালন করবে, নয়তো একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করবে।

সোমবার দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংকালে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এসব কথা বলেন।

দলটির প্রতীক ‘শাপলা’ নিয়ে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে সারজিস আলম বলেন, আমাদের শাপলা প্রতীক দিতেই হবে। যদি না দেওয়া হয়, তবে কেন দেওয়া হবে না- তার আইনগত ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজন হলে আমরা আইনিভাবে এবং রাজনৈতিকভাবে লড়াই করব।

এসময় জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এ সনদে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এছাড়া জুলাই সনদে আইনি কোনো ভিত্তি না থাকায় আমরা সেখানে স্বাক্ষর করিনি।

আগামী জাতীয় নির্বাচনে জোট গঠন প্রসঙ্গে সারজিস আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা গুম, খুন ও হত্যার সঙ্গে জড়িত, তাদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি যারা দেবে এবং যারা ‘বাংলাদেশপন্থার রাজনীতি’ করবে, তাদের সঙ্গেই জোট হওয়ার চিন্তা করবেন।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, আগামী দুই মাসের মধ্যে দেশের প্রত্যেকটি ওয়ার্ডে যেন এনসিপির কমিটি থাকে সেই অনুয়ায়ী প্রয়োজনীয় দিকনির্দেশনা আমরা দিয়েছি। নির্বাচনে এই শক্তিশালী কাঠামোই আগামী সংসদে কারা যাবে তা নির্ধারণে ভূমিকা রাখবে।

এর আগে, সকাল ৯টা থেকে এনসিপির জেলা ও উপজেলা কমিটির রুদ্ধদ্বার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।  সভায় উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ন মুখ্য সংগঠক সাকিব মাহদী ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবুসহ অন্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *