আইপিএল প্লে-অফের দৌড় : কারা এগিয়ে, কার সামনে কী সমীকরণ

স্পোর্টস ডেস্কঃ চলমান আইপিএলে এখনও পর্যন্ত ৪৮টি ম্যাচ মাঠে গড়িয়েছে। চার দল বাদে প্রতিটি দলই ১০টি করে ম্যাচ খেলে ফেলেছে। প্লে-অফের লড়াই শুরু হয়ে গিয়েছে ভালোভাবেই। পয়েন্ট তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে অন্তত তিনটি দল প্লে-অফের পথে ভালোভাবেই এগিয়ে আছে। আরও একটি দলের জায়গাও প্রায় নিশ্চিত। অর্থাৎ বিশাল অঘটন না ঘটলে প্লে-অফের চারটি দল কারা হতে পারে তা এখনই মোটামুটি পরিষ্কার।

পয়েন্ট তালিকায় ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে পাঞ্জাব কিংস। তারা আর একটি ম্যাচ জিতলেও প্লে-অফে প্রায় উঠে যাবে। দু’টি ম্যাচ জিতলে প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। পাঞ্জাবের ম্যাচ বাকি হায়দরাবাদ, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং লখনৌয়ের বিপক্ষে।

একটি করে ম্যাচ জিতলে সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসও প্লে-অফ কার্যত নিশ্চিত করে ফেলবে। দুই দলেরই ১০ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে। তাদের ম্যাচ বাকি পাঞ্জাব, গুজরাট, চেন্নাই এবং বেঙ্গালুরুর বিপক্ষে। রাজস্থানের ম্যাচ বাকি গুজরাট, দিল্লি, লখনৌ এবং মুম্বাইয়ের বিপক্ষে।

পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। তাদেরও একটি ম্যাচ জিতলেই চলবে। তারা ৯ ম্যাচে ১২ পয়েন্টে রয়েছে। রান রেটও খুবই ভালো। ফলে লখনৌ, মুম্বাই, কলকাতা, পাঞ্জাব এবং হায়দরাবাদের মধ্যে যে কোনো একটি বা দু’টি ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে।

এই চারটি দল প্লে-অফের দৌড়ে সকলের চেয়ে এগিয়ে। তবে শেষ মুহূর্তে হিসাব বদলে দিতে পারে আরও তিনটি দল। গুজরাটকে দৌড়ে থাকতে গেলে অন্তত দু’টি ম্যাচ জিততেই হবে। একই শর্ত প্রযোজ্য চেন্নাই এবং দিল্লির ক্ষেত্রেও। গুজরাটকে খেলতে হবে রাজস্থান, হায়দরাবাদের মতো পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকা দলের বিরুদ্ধে। সহজ লড়াই কলকাতা এবং চেন্নাইয়ের বিরুদ্ধে।

সুযোগ কম থাকলেও কলকাতা পুরোপুরি লড়াই থেকে ছিটকে যায়নি। ৯ ম্যাচে তাদের ৭ পয়েন্ট। প্লে-অফে উঠতে গেলে ন্যূনতম ১৪ পয়েন্ট পেতেই হবে। ১৬ পয়েন্ট পেলে ভালো। কলকাতা সর্বোচ্চ ১৭ পয়েন্টে পৌঁছোতে পারে। সে ক্ষেত্রে বাকি সব ক’টি ম্যাচ জিততে হবে আজিঙ্কা রাহানের দলকে। তাদের কাছে সবই মরণবাঁচন ম্যাচ।

ক্ষীণ আশা রয়েছে মুম্বাইয়ের। বাকি চারটি ম্যাচের প্রতিটিতেই জিতলে তারা ১৪ পয়েন্টে পৌঁছোবে। তার পরেও তাকিয়ে থাকতে হবে বাকি দলের দিকে। তবে চতুর্থ দলের পয়েন্ট এখনই ১২। ফলে বহু হিসাব-নিকাশ দরকার মুম্বইয়ের প্লে-অফে উঠতে গেলে। ৯ ম্যাচে ৪ পয়েন্টে থাকা লখনৌয়ের আর কোনও আশা নেই। তারা প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *