বিনোদন ডেস্কঃ দক্ষিণী সুপারস্টার রাশমিকা মান্দানা বর্তমানে তার স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হানিমুনে রয়েছেন। তবে এই আনন্দের সময়েও তিনি একটি পুরনো বিতর্ক নিয়ে চরম বিরক্ত ও ক্ষুব্ধ। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি ব্যক্তিগত অডিও ক্লিপ ফাঁস হওয়ায় অভিনেত্রী আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে রাশমিকা জানান, বিগত আট বছর ধরে কিছু মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। ফাঁস হওয়া অডিও ক্লিপটিতে রাশমিকার সাবেক বাগদত্তা রক্ষিত শেঠির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ও অতীত জটিলতা নিয়ে কথা বলতে শোনা যায়।
রাশমিকা তার লিখেছেন, বিগত আট বছর ধরে আমাকে নিয়ে নানা ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এমনকি আমার মন্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে। আমি এতদিন ধৈর্য ধরে চুপ ছিলাম কারণ পাবলিক ফিগার হিসেবে সমালোচনা মেনে নিতে হয়। কিন্তু গত ২৪ ঘণ্টায় যা ঘটেছে, তা আর উপেক্ষা করা সম্ভব নয়। প্রায় আট বছর আগের একটি ব্যক্তিগত কথোপকথন আমার সম্মতি ছাড়াই রেকর্ড করা হয়েছিল, যা এখন উদ্দেশ্যমূলকভাবে ভাইরাল করা হচ্ছে।
এই ঘটনাকে তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং পরিবারের জন্য অস্বস্তিকর উল্লেখ করে তিনি আরও জানান, যারা এই অডিও ক্লিপটি ছড়াচ্ছেন তারা দ্রুত এটি বন্ধ না করলে তিনি মানহানির মামলা করতে বাধ্য হবেন।
উল্লেখ্য, ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার সেটে রাশমিকা ও রক্ষিত শেঠি প্রেমের সম্পর্কে জড়ান। ২০১৭ সালে বাগদান হলেও এক বছরের মাথায় সম্পর্ক শেষ হয়। পরবর্তী সময়ে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক প্রকাশ পায় এবং সম্প্রতি তারা বিয়ে সম্পন্ন করেছেন। বৃহস্পতিবারই নবদম্পতি হানিমুন শেষে দেশে ফেরেন।
