নিজস্ব প্রতিনিধিঃ সিটি করপোরেশন, জেলা পরিষদ ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে অবৈধভাবে প্রশাসক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শীর্ষ পদে নিয়োগে জনগণের মতামত উপেক্ষা করে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি।
আবদুল হালিম বলেন, ‘দলীয় ভিত্তিতে বহু প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে। ভিসি ও গভর্নর নিয়োগ তারই উদাহরণ। নিয়োগের ক্ষেত্রে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশন ও জেলা পরিষদে অবৈধভাবে প্রশাসক নিয়োগ করে গণতান্ত্রিক ধারাবাহিকতার ওপর আঘাত করা হয়েছে। জনগণের মতামত ও জুলাইয়ের স্পিরিটকে অবজ্ঞা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েও সমালোচনা করেছেন এই জামায়াত নেতা। তিনি বলেন, ভাইস চ্যান্সেলর ও ইউজিসিতে দলীয় লোকদের নিয়োগ দেওয়া হয়েছে, যা সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে।
তার দাবি, এসব পদক্ষেপের মাধ্যমে সরকার গণতন্ত্রবিরোধী বার্তা দিচ্ছে এবং জনগণ তা ইতিবাচকভাবে নেবে না।
