রংপুরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টার
আশরাফ খান কিরণ রংপুর ব্যুরো প্রধান: শিক্ষা ও স্বাস্থ্যখাতে আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং দক্ষ করে জনশক্তি রপ্তানি করা প্রয়াজন বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। প্রবাসে দক্ষ মানবসম্পদের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিদেশে গেলে অবশ্যই দক্ষ হয়ে যেতে হবে, বিদেশে অসংখ্য নার্সের পদ খালি রয়েছে। নার্স পেশায় বিদেশে গেলে ভালো বেতন পাওয়া সম্ভব। দক্ষ করে জনশক্তি রপ্তানি করা গেলে দেশের জন্য ভালো। বাইরের দেশে শিক্ষা ও স্বাস্থ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়। চিকিৎসক, নার্সের সমস্যা নিরসনের অংশ হিসেবে এই স্বল্প সময়ে সাড়ে ৩ হাজার নার্স ও ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এই খাতে বাজেট বাড়ানো হয়েছে। আগামী বছর তা দেখা যাবে। আমরা কিছু প্রকল্প শুরু করেছি। পরের সরকার তা ধরে রাখবে।
গতকাল ৬ ডিসেম্বর শনিবার সকালে রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এর সভাপতিত্বে সরকারী দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসন্ন সংসদ নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। সামনে নির্বাচন, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট। কেননা প্রফেসর ইউনূস বলেছেন, সামনের নির্বাচন একটি আদর্শ নির্বাচন হবে। সেই নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। নির্বাচনে পরাজিত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। আমরা চাই, ভালো একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে চলে যেতে। মো. তৌহিদ হোসেন বলেন, আলু রপ্তানির বিষয়টি নিয়ে সরকার ভাবছে। যদিও এটা সহজ নয়। কেননা পৃথিবীতে দুই একটা দেশ নিয়মিত আলু আমদানি করে। তবে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে কিছু দেশ আলু আমদানি করে থাকে। তাছাড়া আমদানি করে না। রংপুর অঞ্চলে প্রাণিসম্পদের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, রংপুরে অনেক ছোট গরু মানে দেশি গরু পালন করা হয়। যে গরুর মাংস খুবই সুস্বাদু হয়। এই গরুর মাংসের বাজার ভালো। এই বিষেয় প্রাণিসম্পদ উদ্যোগ নিতে পারে। কেননা এসব গরুর মাংসের চাহিদা ঢাকাতেও বেশি।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদ বক্তব্য রাখেন। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়া বিভিন্ন সরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতেই ‘উত্তরাঞ্চলের অগ্রযাত্রার কেন্দ্রবিন্দু রংপুর’ শিরোনামে প্রমাণ্যভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে বিকেলে তিনি রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করেন।

