চাঁপাইনবাবগঞ্জে হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

আহসান হাবীব চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে জুলাই যোদ্ধা এবং বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর জেলা শহরের শান্তি মোড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সমবেত হতে শুরু করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের প্রবেশদ্বার বিশ্বরোড মোড়ে পৌঁছায়। সেখানে চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী মহাসড়ক অবরোধ করে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় দীর্ঘক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

পথসভায় বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের দোসরদের কারণে শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তারা অবিলম্বে হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।

এছাড়াও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। দাবি আদায় না হলে যে কোনো সময় জেলা সুপার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বক্তারা। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাসহ ব্যর্থ উপদেষ্টাদের পদত্যাগ দাবি করা হয়। অন্যথায় দেশজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

পথসভায় বক্তব্য রাখেন আব্দুর রহমান, মোত্তাসিন বিশ্বাস, সাদ আহম্মেদ, আসিক তানভীর, মাহিন খানসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *