নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ মদসহ ১জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে অবৈধ মদ ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সারাদেশে জোরদার অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ দেশীয় ও বিলাতি মদ উদ্ধার করেছে ডিএনসি। গ্রেপ্তারকৃত আসামির নাম–গোবিন্দ দাস (৩২)। বুধবার ডিএনসির একটি সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকা-এর একটি রেইডিং টিম নারায়ণগঞ্জ সদর থানাধীন টানবাজার সিটি কলোনিতে অভিযান পরিচালনা করে। ঢাকা বিভাগীয় উপপরিচালক মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোবিন্দ দাস (৩২) নামের এক ব্যক্তিকে তার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার ঘর থেকে ৫০ লিটারেরও বেশি দেশীয় ও বিলাতি মদ উদ্ধার করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করা হয়। পরে রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে অবশিষ্ট আলামত সিলগালা করে অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়।
ডিএনসিত প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে দেশীয় ও বিলাতি মদ মজুদ করে রেখেছিলেন।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *