আহসান হাবীব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সুজয় কুমার, পৌর প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেনসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল মাল্য দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং উপজেলা চত্বরে অবস্থিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ।
অনুষ্ঠানের পর্বে অভিবাদন সালাম গ্রহণ, কুচকাওয়াজ প্রদর্শন এবং মুক্তিযুদ্ধ ও ৩৬ জুলাইয়ের ঐতিহাসিক চিত্র তুলে ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
