গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বিএসএফের পুশইন

আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার রাতের কোনো এক সময় তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে রোববার ভোরে সীমান্ত এলাকায় টহলকালে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের বিভিষণ সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতদের মধ্যে দুজন শিশু, নয়জন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তারা যশোর, নড়াইল, খুলনা ও মানিকগঞ্জ জেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, ভোরে সীমান্ত এলাকায় টহলকালে বিজিবি সদস্যদের নজরে এলে ওই ১৫ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। যাচাই-বাছাই শেষে তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। পরে তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, পুশইনের শিকার বাংলাদেশি নাগরিকরা বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *