পুরান ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে এ গুলির ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা আব্দুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। তিনি বলেন, আজ দুপুরের দিকে শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে আব্দুর রহমান নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে মিটফোর্ড হাসপাতালে গিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি নয়ন নামে এক যুবক তাকে গুলি করে পালিয়ে গেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর আগে গত ১০ নভেম্বর পুরান ঢাকায় ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *