লক্ষ্যে পৌঁছাতে পেরে ভালো লাগছে : বাভুমা

৩৫৯ রানের বড় টার্গেট ভালোভাবেই টপকাতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। সুরটা বেধে দিয়েছিলেন এইডেন মার্করাম। এরপর ব্রেভিস, ব্রিৎজকেরা পরিস্থিতি খুব ভালোভাবে সামলেছেন। সিরিজ বাঁচানোর ম্যাচে জয়কে দলগত প্রচেষ্টার ফল বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। শেষ ম্যাচে ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলার কথাও জানালেন বাভুমা।

৪ উইকেটে জয়ের পর বাভুমা বলছেন, ‘লক্ষ্যে পৌঁছাতে পেরে ভালো লাগছে। খেলা শুরুর আগে আমাদের লক্ষ্য ছিল ভালো বোলিং করা। ব্যাটিং নিয়ে চিন্তা ছিল না। তবে এই ম্যাচ থেকে আমরা প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি। এবার সিরিজ জমিয়ে দিতে পারব।’

তিনি আরও বলেছেন, ‘এই জয়টা দুর্দান্ত। আমরা ম্যাচটা দারুণ ভাবে শেষ করলাম। এডেন মার্করামের ইনিংসটার কথা আলাদা করে বলতে হবে। খুব দায়িত্ব নিয়ে খেলল। আমরা চেয়েছিলাম, শেষ পর্যন্ত লড়াই করতে। ম্যাচটা যতটা সম্ভব বড় করতে। টেস্ট সিরিজ আমাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি করে দিয়েছে। সেটা কাজে লাগছে। তাছাড়া আমাদের দলের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা রয়েছে। সেটাও আমাদের সকলকে ভাল পারফর্ম করতে উৎসাহিত করে।’

দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিতে পেরে খুশি মার্করামও। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার নেওয়ার পর তিনি বলেছেন, ‘আমরা প্রতিটি ম্যাচ থেকে শেখার চেষ্টা করি। এই ম্যাচেও প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়েছি আমরা। জানতাম বল ভালো সুইং করবে। তাই তাড়াহুড়ো করতে চাইনি। মারার বলের জন্য অপেক্ষা করেছি। তা ছাড়া এই পিচে থাকতে পারলে রান উঠবে বুঝতে পেরেছিলাম।’

মার্করাম গুরুত্ব দিয়েছেন বাভুমার সঙ্গে তার জুটিকে। তিনি বলেছেন, ‘আমার সঙ্গে বাভুমার জুটিটা ইনিংসের ভিত গড়ে দিয়েছে। আমরা চেয়েছিলাম স্বাভাবিক ব্যাটিং করতে। লক্ষ্য বড় হলেও অতিরিক্ত কিছু চেষ্টা করতে চাইনি। তবে সকলেই ভাল খেলেছে। নিজের নিজের দায়িত্ব পালন করেছে।’

আগামী শনিবার বিশাখাপত্তনমে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সে দিন যে দল জিততে, তারাই একদিনের সিরিজ জিতবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *