চট্টগ্রামে ১ লক্ষ পিস ইয়াবাসহ প্রাইভেট কার আটক

 

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিশারীঘাট এলাকায় পুলিশের চেকপোস্ট টের পেয়ে গাড়ী ফেলে পালিয়ে যায় একটি প্রাইভেট কারের চালক। পরে পরিত্যক্ত ওই গাড়ি থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পুরাতন ফিশারিঘাট এলাকার মুখে কোতোয়ালী থানা পুলিশের চেকপোস্ট অভিযান চলছিলো। তখন ঢাকা মেট্রো গ–৩৭–১৮৪৯ নম্বরের প্রাইভেটকারটি পুলিশের চেকপোস্ট দেখতে পেয়ে গাড়ির চালকসহ ইয়াবা কারবারিরা পালিয়ে যায়।

পরে গাড়িটি তল্লাশি করে হলুদ কসটেপে মোড়ানো ১০টি বড় প্যাকেটে ১ লাখ ইয়াবা পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে প্রায় ১০ হাজার করে মোট এক লাখ পিস ইয়াবা ছিলো বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়েছিল। কিছুক্ষণ পর সন্দেহজনক প্রাইভেটকারটি থামানোর চেষ্টা করলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। গাড়ি থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউকে গ্রেপ্তার করা যায়নি, তবে অভিযুক্তদের শনাক্তে অভিযান চলছে। মামলার প্রস্তুতিও নেয়া হচ্ছে।

পুলিশ জানায়, সাম্প্রতিক বছরগুলোতে কোতোয়ালী থানায় উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে এটি অন্যতম বড় চালান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *