দাউদ ইব্রাহীম সোহেল ভোলা থেকে:
ভোলা ও পাথরঘাটায় পৃথক দুটি অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ নভেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের ৪৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অপরদিকে, গত ১০ নভেম্বর ২০২৫ তারিখ সোমবার রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনার পাথরঘাটা থানাধীন রায়হানপুর মিয়া বাড়ি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের দেড় কেজি গাঁজা ও নগদ ২ হাজার ৬শত ১০ টাকাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
