দাউদ ইব্রাহীম সোহেল এর রিপোর্ট:
ভোলা সদর আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়া প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর আজ বৃহস্পতিবার দুপুরে ভোলায় পৌঁছালে তাকে হাজারো নেতাকর্মী ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
দুপুর ১টার দিকে তিনি ঢাকা থেকে স্পিডবোটে ভোলার ইলিশা ফেরিঘাটে পৌঁছালে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও ফুলের মালা নিয়ে তাকে সংবর্ধনা জানান।
পরে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রায় ৭ থেকে ৮ শতাধিক নেতা-কর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা স্লোগান দেন ভোলায় ধানের শীষের জয় হবেই ইনশাআল্লাহ। এ সময় আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ভোলার জনগণের ভোটে ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় অর্জন করব।
তিনি আরও বলেন, ভোলার মানুষের ভালোবাসাই আমার শক্তি, এই ভালোবাসা আমি জনসেবায় ফিরিয়ে দিতে চাই। তার আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন পর ধানের শীষের এমন জাগরণে নতুন আশার আলো দেখছেন তারা।
