শামীম ইকবাল, ঢাকা :
রাজধানীর সাভারে ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জিম্মি করে জোরপূর্বক মিথ্যা জবানবন্দী নেয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। আজ দুপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর আমিনুল ইসলাম হলে সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়। এসময় সংঘর্ষের ঘটনায় ৬ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে যারা ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন উল্লেখ করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান উপাচার্য।
দুপুরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আর কবির।
উপাচার্য জানান, রবিবার রাতে সংঘর্ষের ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে সব দায় ড্যাফোডিলের ওপর চাপানোর চেষ্টা করছে সিটি ইউনিভার্সিটি। সংঘর্ষে ড্যাফোডিলের শতাধীক শিক্ষার্থী আহত হয়েছে। অনেকেই গুরুতর আহত হয়ে হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেদিন রাতে ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে জিম্মি করে জোরপূর্বক পরিকল্পিত হামলার জবানবন্দির ভিডিও ধারন ও তা প্রচার করে ড্যাফোডিলের শিক্ষার্থীদের একতরফা দোষী করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনে প্রকৃত দোষীদের সনাক্ত করা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও বিষয়টি দেখছেন।
উপাচার্য আরও জানান, পরিস্থিতি বিবেচনায় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এছাড়া আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত রবিবার রাতে থুতু ফেলাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাতে রনক্ষেত্রে পরিনত হয় সাভারের খাগান এলাকা। ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলে রাতভর। আহত হয় উভয়পক্ষের ২ শতাধীক শিক্ষার্থী।
