বগুড়া প্রতিনিধি :
বগুড়ার গাবতলী সুখানপুকুরে একটি নির্মানাধীন রাস্তার উপরে তিনটি বসতবাড়ি না সারানোর কারণে প্রতিদিন কষ্ট সহ্য করে যাতায়াত করছে তিনটি বিদ্যালয়ের প্রায় ১২ শত শিক্ষার্থী।
রোববার দুপুরে নির্মাণাধীন এই রাস্তার পাশ থেকে বসতবাড়ি সরানোর দাবিতে সুখানপুকুর-মহাস্থান সড়কে মানববন্ধন করেছে বিদ্যালয় গুলোর শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, তেলিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় এই তিনটি বিদ্যালয় সংযোগের একমাত্র সড়ক দীর্ঘদিন ধরে নির্মানাধীন থাকলেও এই তিনটি বসতবাড়ি না সরানোর জন্য সড়কটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না।

ফলে প্রতিদিন তাদের কষ্ট করে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি করেন অতি দ্রুত সময়ের মধ্যেও এই বসতবাড়ি গুলো সরিয়ে সড়কটি নির্মাণ করা হোক। মানববন্ধন চলাকালে শিক্ষক এবং অভিভাবকরা বলেন, বারবার বলার পরেও মালিকেরা বসতবাড়ি না সরানোর ফলে সড়কটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না। যে কারণে শিক্ষার্থীরা প্রতিদিন কষ্ট করছে বিদ্যালয় গুলোতে আসা যাওয়া করছে। তারা এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
