জামালপুর প্রতিনিধি: ছাত্রদলের দুর্বলতা ও বিএনপির ভবিষ্যৎ নিয়ে বিএনপি কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুলের খোলামেলা মন্তব্য ভাইরাল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতা ও বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে এক খোলামেলা বক্তব্য দিয়েছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বীর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিনিধি সভায় তিনি বলেন, “চারটি বিশ্ববিদ্যালয়ে শিবির বিপুল ভোটে জয়লাভ করেছে। কারণ আমাদের (ছাত্রদল) যোগ্যতা নাই, মেধা নাই, কর্ম নাই, সাধারণ ছাত্রদের সঙ্গে সম্পর্ক নাই, ক্যাম্পাসে কোনো ইতিবাচক কাজ নাই।”
ডাকসুর পূর্ণরূপ জানতে চাইলে উপস্থিত কেউ উত্তর দিতে না পারায় বাবুল হতাশা প্রকাশ করে বলেন, “হায়রে ছাত্রদল! আমরা নেতৃত্ব দেব অথচ নেতৃত্বের মিনিমাম যোগ্যতাও নাই। তাই ডাকসু, জাকসু, চাকসু, রাকসু—সব জায়গায় শিবির জেতে।”
বিএনপির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “আল্লাহ্ চাইলে ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু মানুষের মন জয় করতে না পারলে বেশিদিন টিকে থাকতে পারবো না। গত ১৪ মাসে ভোট কমেছে কারণ আমরা মানুষের মন জয় করতে পারছি না।”
ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে তিনি মন্তব্য করেন, “সেরা ও মেধাবী ছাত্ররাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা আমাদের ভোট দেয়নি। তারা আমাদের সমাজেই বাস করে, তাদের প্রভাব পরিবারে ও সমাজে রয়েছে।”
রোববার সকালে মাদারগঞ্জের এক ফেসবুক এক্টিভিটি তার বক্তব্যের ভিডিও ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দলীয় নেতাকর্মীরা বক্তব্যটিকে ইতিবাচক ও শিক্ষণীয় হিসেবে দেখছেন, যদিও সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এই বক্তব্য বিএনপির ভেতরে আত্মসমালোচনার একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
