সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশাল জনসভায় বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশী একজোট হয়ে কোন বহিরাগত প্রার্থীকে এই আসনে মনোনয়ন দিলে তা মেনে না নেওয়ার হুশিয়ারী দিয়েছেন। তাদের দাবি নির্যাতিত, হামলা মামলা ও কারাবরনকারী, জনবান্ধব নেতা ব্যতিত, কোন বহিরাগতকে মনোনয়ন দিলে রায়গঞ্জ-তাড়াশবাসী তা মেনে নিবে না।
শুক্রবার (১০অক্টোবর) বিকেলে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড চত্বরে তারেক রহমান এর ৩১দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবের প্রচার উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় বিএনপির সাত মনোনয়ন প্রত্যাশীরা এই ঘোষনা দেন।
ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা’র সভাপতিত্বে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হক।
তিনি বলেছেন বিগত ১৭ বছরে রায়গঞ্জ-তাড়াশবাসী হামলা মামলায় নির্যাতিত, কারাবরনকারী, জনবান্ধব নেতা ব্যতিত, কোন বহিরাগতকে মনোয়নন দিলে তা রায়গঞ্জ,তাড়াশ, সলংগাবাসী মেনে নিবে না। আজকের এই বিশাল জনসভা থেকে বলতে চাই, দল থেকে মনোনয়ন যে কেউ চাইতে পারে, তবে রায়গঞ্জ-তাড়াশবাসীর মধ্যে যে নেতাকর্মী সবচেয়ে বেশি হামলা-মামলার শিকার, জেল জুলুম বেশি খেটেছে, যে জনবান্ধব তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন দিতে হবে।
রায়গঞ্জ-তাড়াশবাসীর বাইরে কোন বহিরাগত মনোনয়ন পেলে তা রায়গঞ্জ-তাড়াশবাসী মেনে নিবে না।
বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার আব্দুল বাতেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও তিন আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম জাহাঙ্গীর, জার্মান প্রবাসী বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সাব্বির হোসেন, রুহী আফজাল, মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আব্দুল হাকিম প্রমূখ।
এর আগে জনসভা শুরু হওয়ার পূর্বে রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশ এর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে আসে। মিছিলে সবাই ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে রায়গঞ্জ-তাড়াশ থেকে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবী জানান। জনসভায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
