গাইবান্ধায় অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু, আক্রান্ত ১১ জন

 

ফারুক হোসেন, গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে আজেনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার রাতে বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্লাহ বিষয়টি জানান।

ইউপি চেয়ারম্যান বলেন, নিহত আজেনা বেগমের একটি ছাগলছানা অসুস্থ হলে গত বৃহস্পতিবার সেটি জবাই করেন। ছাগলের মাংস কাটাকাটি করার সময় তার হাতের আঙ্গুলে হাড় লেগে ক্ষত হয়। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের চিকিৎসা নেন। কিন্তু তাতে কাজ না হলে শনিবার আজেনা বেগম কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান।নিহত আজেনা বেগম উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের চৌকিদারের মোড় এলাকার আবুল হোসেনের স্ত্রী।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক জানান, ৪ অক্টোবর শনিবার ওই রোগী খুব খারাপ অবস্থায় আমাদের এখানে এসেছিলেন। প্রয়োজনীয় চিকিৎসা দিয়েই তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়।তিনি অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে মারা গেছেন কি না এটা পরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা মুশকিল। তবে রোগীর প্রেশার ডাউন, শ্বাস কষ্টসহ অন্যান্য সমস্যা ছিল।

২৭ সেপ্টেম্বর শনিবার সুন্দরগঞ্জ উপজেলার বেলকার কিশামত সদর গ্রামে মাহাবুর রহমানের একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।  ওই গরুটি জবাই করে কমদামে অনেকেই মাংস ভাগাভাগি করে নেয়। গরু জবাইয়ের কাজে অংশ নেওয়া ১১ জনের শরীরে কয়েক দিন পর ফোসকা,ঘা এবং পচনের মতো উপসর্গ দেখা দেয়। ক্রমে ক্রমে আক্রান্তদের হাত,মুখ,চোখ ও নাকে ক্ষত চিহ্ন স্পষ্ট হতে থাকে। পরে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসকের কাছে গেলে তারা অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। আক্রান্তদের মধ্যে মোজাফফর মিয়া, মোজা মিয়া, শফিকুল ইসলাম ও মাহাবুর রহমান সহ পাঁচজন বর্তমানে গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।


অ্যানথ্রাক্সে  লক্ষন নিয়ে ১১ জন রোগী চিকিৎসা নিয়েছে জানিয়ে গাইবান্ধার সিভিল সার্জন ডা: রফিকুজ্জামান  বলেন,অ্যানথ্রাক্সে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি মানুষ থেকে মানুষে ছড়ায়না। অসুস্থ গবাদি পশু জবাই বা মাংস ব্যবহারের মাধ্যমে এ রোগ ছড়ায়। নিয়মিত চিকিৎসা নিলে কয়েক দিনেই রোগীরা সুস্থ হয়ে ওঠেন। এ সময় তিনি সবাইকে অসুস্থ পশু জবাই থেকে বিরত থাকার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *