সাদিকুল বারী | বাংলা টেলিভিশন নেটওয়ার্ক, শেরপুর উপজেলা :
বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবানীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সনাতনী ধর্মালম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান, শেরপুর উপজেলার সাবেক আমির এবং আগামী স্থানীয় নির্বাচনে ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব এ্যাড. আব্দুল হালিম। এছাড়াও উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম সাগরসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সহাবস্থানে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গোৎসবসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে সনাতনী সম্প্রদায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা জামায়াতের নৈতিক দায়িত্বের অংশ। অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ কর্মসূচি জামায়াতের মানবিক ও যুগান্তকারী কার্যক্রমেরই ধারাবাহিকতা।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের সামগ্রিক প্রেক্ষাপট পরিবর্তন করে একটি আধুনিক, নিরাপদ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলবে। সকল সম্প্রদায়ের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে জামায়াতের অন্যতম অঙ্গীকার।

এ কর্মসূচি স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে এবং উপস্থিত সনাতনী ধর্মালম্বীরা জামায়াতের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
