আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
বিদ্যুৎ বিল আবাসিক থেকে বানিজ্যিক খাতে রূপান্তরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ করেছেন অটো চালকরা। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার হায়াত মোড়, দেবীনগর, শাজাহানপুর, সুন্দরপুর, চরবাঘডাঙ্গা ও ইসলামপুর এলাকা থেকে আসা প্রায় দুই শতাধিক অটো চালক চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে এ বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা আবাসিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছিলেন। কিন্তু হঠাৎ বানিজ্যিক বিল আরোপ করায় তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়েছে। ফলে আগের তুলনায় দ্বিগুণ বিল এসেছে। অটো চালকরা অভিযোগ করেন, অটো চালিয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়ে, সেখানে দ্বিগুণ বিদ্যুৎ বিল দেওয়া সম্ভব নয়। তাই আগের মতো আবাসিক হারে বিল নেওয়ার দাবি জানান তারা।
বিক্ষোভে অংশ নেওয়া চালক সোহেল রানা, অসিম, বাবু ও হাবিবুর রহমান বলেন, “আমরা অসহায় মানুষ। এত বেশি বিল দিয়ে গাড়ি চালিয়ে সংসার চালানো সম্ভব নয়। আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই।”
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার ফজলুর রহমান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অটো চালকদের বিদ্যুৎ বিল বানিজ্যিক খাতে রূপান্তর করা হয়েছে। তবে এদিন বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে কিছুটা সময় দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে চার্জিং স্টেশন রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।
পরে জেনারেল ম্যানেজারের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসার বাহিনী উপস্থিত থেকে সতর্ক অবস্থান নেয়।
