রায়হান ইসলাম, রাজশাহী :
রাজশাহীর তানোর থেকে আন্তজেলা ডাকাতদলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে তানোর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- শাহাদত হোসেন কলম (৩৩), শান্ত ইসলাম (২৬), বেলাল হোসেন (৩০), শুকুর আলী (৫২), শাকিল হোসেন (৪০), রানা হোসেন (২৪), রাসেল হোসেন (২২) এবং এখলাছ রহমান মিন্টু (৪২)।
বিষয়টি নিশ্চিত করে তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, গত ৫ সেপ্টেম্বর রাতে উপজেলার মালশিরা গ্রামে মোয়াজ্জেমুল হোসেন ও তার পার্শ^বর্তী বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তানোর থানায় মামলা দায়ের হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশন সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে সাতজনকে এবং নওগাঁ সদর উপজেলার ইদুর বটতলায় মনোরমা জুয়েলার্স থেকে অপর একজনকে গ্রেপ্তার করে।
অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও লুট করা ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ সময় শুকুর আলী আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
