কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফাইজা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বরিবাড়ি ইউনিয়নের পাঁচকাহনীয়া এলাকার একটি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাইজা উপজেলার বরিবাড়ি ইউনিয়নের পাঁচকাহনীয়া গ্রামের মো. নাইমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফাইজা তার ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়েও তার সন্ধান পাননি।
শনিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলের কাছেই নদীতে ফাইজার মরদেহ ভেসে ওঠে। পরবর্তীতে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
