“নুপুর নিক্কনের বর্ণাঢ্য উৎসবে চট্টগ্রাম”

‎চট্টগ্রাম প্রতিনিধিঃ: হাটি হাটি পায়ে নুপুরের ছন্দে রজতজয়ন্তী পার করলো চট্টগ্রামের নিক্কন একাডেমি।
৭ই জুন ২০২৬ রবিবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিত হলো নিক্কন একাডেমির ২৫ বছর রজত জয়ন্তী উৎসব। এই রজত নৃতাঞ্জলি দিবস উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন প্রান্তের নৃত্যশিল্পীরা এক অভিন্ন সুরে মিলিত হন—ভিন্ন সংস্কৃতি, ধারা ও শৈলীর বৈচিত্র্যকে সঙ্গে নিয়ে এই দিনটি হয়ে ওঠে নৃত্যের সৌন্দর্য, সৃজনশীলতা ও বৈশ্বিক ঐক্যের এক অনন্য উদযাপন।

এই শৈল্পিক উদযাপনের ধারা অব্যাহত রাখতে – নিক্কন একাডেমির ২৫ বছর রজত জয়ন্তী উৎসব উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এই রজত নৃতাঞ্জলি ।

বিকাল পাঁচটা থেকে শুরু হওয়া এই উৎসবে দেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও নৃত্যসংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। শাস্ত্রীয়, লোকজ ও সমসাময়িক নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। বৈচিত্র্যময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং দীর্ঘ সময় ধরে তারা উপভোগ করেন এই বর্ণাঢ্য অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন – ডা:শাহাদাত হোসেন : মেয়র – চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন – কর্ণেল মহম্মদ ইকবাল হোসেন : অধ্যক্ষ – চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – এটিএন মিডিয়া কমিউনিকেশন এর সি ই ও এবং বাংলাদেশ কালচারাল সেন্টারের প্রধান সমন্বয়কারী – সাজেদুর রহমান মুনিম , একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নৃত্যশিল্পী – শিবলী মোহাম্মদ, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী – শামীম আরা নিপা, শিল্পকলা একাডেমি পদক প্রাপ্ত বিশিষ্ট নৃত্যশিল্পী – সাজু আহমেদ, বিশিষ্ট নৃত্যশিল্পী – ফারহানা চৌধুরী বেবি এবং এটিএন এডুকেশন এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও বিশিষ্ট নৃত্যশিল্পী – রোকসানা আখতার রিনি।

চট্টগ্রামের নিক্কন একাডেমি প্রতিষ্ঠাতা – সেতু বিশ্বাস বলেন, নিক্কন একাডেমির ২৫ বছর রজত জয়ন্তী উৎসব ঘিরে আমাদের এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের নৃত্যশিল্পকে এগিয়ে নিতে তারা কাজ করে যাবেন।

নিক্কন একাডেমি চট্টগ্রামের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঢাকা থেকে আগত বিশেষ অতিথিদেরকে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয় এবং নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন বিশেষ অতিথি সাজু আহমেদ এবং সাজেদুর রহমান মুনিম।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকরাও আয়োজনের প্রশংসা করেন এবং এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *