ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় বালুবোঝাই ট্রাকসহ ধসে পড়েছে কংস নদীর বেইলি ব্রিজ। এতে ময়মনসিংহ নেত্রকোনা, তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ দুইপাড়ের হাজারো মানুষ।
রোববার (৭ জুন) ভোরে বালুবোঝাই ট্রাকটি ব্রিজ অতিক্রম করার সময় এর একটি অংশ ভেঙে পড়ে যায়।
স্থানীয়রা জানান, পুরানো এই সেতুটির বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়লেও প্রয়োজনীয় সংস্কার বা বিকল্প ব্যবস্থা গ্রহণ না করায় দীর্ঘদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। শেষ পর্যন্ত এটি ধসে পড়ে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, ব্রিজটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফাটল ও দুর্বলতা দেখা দিয়েছিল। বিষয়টি জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে আজ (রোববার) পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন জানান, আরও ১০ বছর আগে ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। রোববার ব্রিজটি ভেঙে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রশাসন ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। ব্রিজটি মেরামত অথবা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
